রাত ১২টার পর জ্বালানি তেলে বাড়তি দাম, খবর ছড়াতেই শ্রীপুরে পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি
রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম বাড়তে পারে -এমন খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের ভিড় দেখা গেছে।
সোমবার রাত থেকেই জৈনা বাজার, মাওনা, গড়গড়িয়া ও মাস্টারবাড়ি এলাকার বিভিন্ন পাম্পে তেল নিতে বাইকারদের দীর্ঘ লাইন তৈরি হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে মোটরসাইকেলের সংখ্যা বাড়তে থাকে। অনেকেই বাড়তি দামে তেল কেনার আশঙ্কায় আগেভাগেই মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করে নিতে পাম্পে ছুটে আসেন।
জৈনা বাজার এলাকার বাইকার রাজ্জাক মিয়া বলেন, “রাত ১২টার পর তেলের দাম ২০ টাকা বাড়বে—এমন খবর শুনে মোটরসাইকেলে তেল নিতে এসেছি। দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের যাতায়াতের খরচও বেড়ে যাবে।”
মাওনা এলাকার বাইকার আবুল কাশেম বলেন, “হঠাৎ করে দাম বাড়ার খবর শুনে পাম্পে চলে এসেছি। কিছুটা কম দামে তেল নেওয়া যায় কি না, সে কারণেই অপেক্ষা করছি।”
গড়গড়িয়া এলাকার আরেক মোটরসাইকেলচাল জসীমউদ্দীন বলেন, “তেলের দাম বাড়লে শুধু বাইক চালানোর খরচ নয়, এর প্রভাব পরিবহন ও অন্যান্য পণ্যের দামেও পড়বে। তাই দাম বাড়ার আগে তেল নিতে মানুষ পাম্পে ভিড় করছে।”
এদিকে মাস্টারবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনেও রাতের দিকে মোটরসাইকেলের সারি দেখা গেছে। অনেক বাইকারকে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করতে দেখা যায়।
তবে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন মূল্য তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।