ইছামতির বুকে কলা গাছের ভেলা বাইচ, 'চ্যাম্পিয়ন বন্ধুমহল'

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় আয়োজন করা হয়েছে কলা গাছের জমজমাট ভেলা বাইচ ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বংখুরী, ঝিটকা, গোবিন্দপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার দল অংশ নেয় । এতে গোবিন্দপুর গ্রামের ‘বন্ধুমহল’ দল চ্যাম্পিয়ন হয় । 

সকাল থেকেই নদীর দুই পাড়ে ছিল উৎসবের আমেজ । ঢেউ কেটে ভেলার ছুটে চলা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ইছামতীর দুই পাড় ।কলাগাছের তৈরি ভেলা নিয়ে প্রতিযোগীরা নদীতে নামার পর শুরু হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা । ইছামতীর বুকে ছুটছে কলাগাছের তৈরি ভেলা । নদীর দুই পাড়ে হাজারো মানুষের উচ্ছ্বাস ।  

ভেলা বাইচ উৎসবকে কেন্দ্র করে বসে নানা মুখরোচক খাবারের মেলা । রাত আটটা পর্যন্ত চলে মেলা, বাইচ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ । বিজয়ী বন্ধুমহল দল পুরস্কার হিসেবে পায় একটি ফ্রিজ ।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভেলাবাইচ এখন শুধু একটি প্রতিযোগিতা নয়, এই ভেলা বাইচকে কেন্দ্র করে পরিণত হয়েছে এলাকাবাসীর মিলনমেলায় । প্রতিবছর এ আয়োজন দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন ।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে গত আট-নয় বছর ধরে তারা এ ভেলা বাইচের আয়োজন কর আসছেন । ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com