ঘিওরে চুরি মামলার ১৩ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার-১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ | সোমবার, ২১ সেপ্টেম্বর

মানিকগঞ্জের ঘিওরে চুরি মামলার তদন্তে রাজশাহীর বোয়ালিয়া এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত আসামি মো. সামিউলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘিওর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর । তিনি জানান, সামিউল নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে । তিনি মামলার বাদীর মেয়ের স্বামী এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন । তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে (রোববার, ২০ সেপ্টেম্বর) এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর বোয়ালিয়ায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয় ।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা এলাকায় ব্যবসায়ী আকবর আলী খানের বাড়িতে চুরি হয় । ওই সময় আকবর আলী খান ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন । বাড়ি ফিরে তারা ঘরের দরজা, ট্রাংক ও লকারের তালা ভাঙা এবং স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান ।

এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় এজাহারে চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে । পুলিশের হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা । এগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে । গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com