১৩ লাখ টাকার স্বর্ণালংকারসহ আসামী গ্রেপ্তারে সক্ষম হয়েছেন ঘিওর থানার চৌকস অফিসার এসআই সুমন চক্রবর্তী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে চুরি মামলার তদন্তে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন ঘিওর থানার চৌকস অফিসার এসআই সুমন চক্রবর্তী । এ ঘটনায় মামলার আসামি মো. সামিউল (৪০) নামের এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে ।
রোববার (২০ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালংকারগুলো উদ্ধার ও সামিউলকে গ্রেপ্তার করেন ।
ঘিওর থানা-পুলিশ জানায়, গত ৩০ আগস্ট বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা এলাকায় ব্যবসায়ী আকবর আলী খানের বাড়িতে চুরির ঘটনা ঘটে । ওই সময় বাদী ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন । বাড়িতে ফিরে আকবর আলী খান দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা, ট্রাংক ও লকারের তালা ভাঙা দেখতে পান । পরে সেখানে রাখা তাঁর স্ত্রীর স্বর্ণালংকার, একটি ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড পাওয়া যায় না ।
এজাহার অনুযায়ী, চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল তিনটি চেইন, পাঁচ জোড়া কানের দুল, দুটি বালা, একটি সিতাহার, দুটি আংটি ও একটি ব্রেসলেট । এসবের মোট ওজন প্রায় ছয় ভরি এবং এজাহারে মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয় ।
পুলিশের ভাষ্য, মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর এসআই সুমন চক্রবর্তী তথ্য-প্রযুক্তি ও তদন্তের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করেন । পরে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সামিউলকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে মামলার আলামত হিসেবে সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া স্বর্ণালংকারের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ ।
গ্রেপ্তার সামিউল নওগাঁর নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে ।
পুলিশ জানিয়েছে, তিনি বাদীর মেয়ের স্বামী এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন ।
এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা হয় ।
ঘিওর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহাব্বত কবীর জানান, পুলিশের চৌকস অফিসার এসআই সুমন চক্রবর্তীর এ সাফল্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য গৌরবের । উদ্ধার হওয়া স্বর্ণালংকার মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।