সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম-র-দেহ উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
মো: ছাব্বির হাসান,বিশেষ প্রতিনিধি,নওগাঁ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরিয়মকে ফ্ল্যাটের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
তেজগাঁও বিভাগের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং জানান, পারিবারিকভাবে গত ১৭ জুন তাদের বিয়ে হয়েছে।
তবে মরিয়ম খাতুনের মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
ঘটনার কারণ উদঘাটনে পুলিশি তদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের দিকে নজর রয়েছে।