দৌলতপুরে পেছন থেকে ধাক্কা, ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলির ধাক্কায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। তিনি দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, দৌলতপুরের বিভিন্ন সড়কে অনুমোদনহীন শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com