ঘিওরে ফুলহারা সরকারি খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে ফুলহারা, মৌহালী ও কলিয়া সংযুক্ত সরকারি খাল দখলমুক্ত ও দ্রুত পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলহারা বাজারসংলগ্ন খাল এলাকায় ফুলহারা, মৌহালী, কলিয়া ও গোলাপনগর গ্রামের বাসিন্দা ও কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় ।
মানববন্ধনে বক্তব্য দেন বড়টিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব আলী, যুবদল সদস্য ইয়াকুব হোসেন, শিক্ষক কারিম মোল্লা ও স্থানীয় বাসিন্দা রাজ্জাক হোসেনসহ অনেকে ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। খালটি দ্রুত দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান তারা ।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন ।
একপর্যায়ে কয়েকজন সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান শীতল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁর অনুরোধে গাছ সরিয়ে সড়ক থেকে সরে যান তারা । মেহেদী হাসান শীতল জানান, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বিষয়টি সরেজমিনে দেখে খাল উদ্ধারের বিষয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ।