ঘিওরে এ্যাসিল্যান্ডের উচ্ছেদ অভিযানে প্রতিপক্ষের আঘাতে ভেকু চালক আহত, আটক-১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে আদালতের আদেশে জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর সময় ইটের আঘাতে ভেকু চালক আহত হয়েছেন । এ ঘটনায় শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। তার বড় ভাই আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মৌজায় এ অভিযান শুরু হয় । সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও ঘিওর থানা পুলিশ অভিযানে অংশ নেয় ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চলাকালে প্রতিপক্ষের কয়েকজন ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ভেকুর দিকে এগিয়ে যান । এ সময় শরিফুল ও আশরাফুল ভেকু লক্ষ্য করে ইট ছোড়েন বলে অভিযোগ করা হয় । একটি ইট ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডলের বুকে লাগে । এতে তিনি আহত হন । পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয় ।
ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুল ইসলামকে আটক করে । তিনি বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মৃত রমজান আলী মোল্লার ছোট ছেলে ।
জানা গেছে, ফুলহারা মৌজার ৬ শতাংশ জমির দখল নিয়ে মোজায়াল হক মুকা, মোহাম্মদ সেলিম বেপারী, রেহনা বেগম ও রোকসানা আক্তার আদালতে আবেদন করেন । শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর গত ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির দখল পুনরুদ্ধারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।
জমির দাবিদার মোহাম্মদ সেলিম বেপারী বলেন, প্রায় ২৫ বছর পর আদালতের আদেশের মাধ্যমে তারা জমির দখল ফিরে পেয়েছেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।