হামলার আসামিদের জামিনে ক্ষোভ, আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি :

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাসের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়ার সাংবাদিক সমাজ। একই সঙ্গে গ্রেপ্তার দুই আসামির জামিন বাতিল, মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শত শত সংবাদকর্মী এতে অংশ নেন।

মামলার পর গ্রেপ্তার হওয়া দুই আসামির দ্রুত জামিন পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তা আইনগতভাবে পর্যালোচনার দাবি জানানো হয়।

হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।অভিযুক্ত আসামিদের দ্রুত জামিন দেওয়ায় সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।সংবাদ সংগ্রহের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ শনিবার গভীর রাতে নন্দলালপুর ইউনিয়নের এলংগী এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে। তবে রোববার আদালতে পাঠানো হলে তারা সহজেই জামিন পেয়ে যান। পরবর্তীতে সোমবার মামলার আরও এক এজাহারভুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বাকীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com