ঘোড়াঘাটে ১,৯৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ১,৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ মাজারপাড়া এলাকায় শাহ ইসমাইল গাজী (রহ.) মাজার জামে মসজিদের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন হাফিজুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হাফিজুল ইসলাম ঝালকাঠীর রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে।

এসআরবি-১৩ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com