রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ এএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি:

 রংপুরে এসআরবি-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যপণ্যে ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য নেওয়া এবং পেট্রোল পাম্পে পরিমাণে কম জ্বালানি দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর নগরীর সিটি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪৫ ও ৪৮ ধারায় মামা-ভাগ্নে আড়ৎকে ১০ হাজার টাকা এবং মিজান ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-১৩, সদর কোম্পানি, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, জ্বালানি তেলে পরিমাণে কম দেওয়া এবং খাদ্যে ভেজালসহ ভোক্তা স্বার্থবিরোধী অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-১৩ জানিয়েছে, এসব অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান আরও জোরদার করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com