রানীনগরে গণ-ডাকাতি, চক্রের দুই সদস্য গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, আরও কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নবীর খানের শেডের সামনে নির্জন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা একদল ছিনতাইকারী প্রথমে এক হাঁস ব্যবসায়ীকে পথরোধ করে। পরে এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলে থাকা চার আরোহীকেও আটকে ধারালো হাসুয়া ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা ও ৬-৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের হামলায় হাবিবুর বাশার, সুজন, এরশাদ, সোহেল ও ফয়সালসহ কয়েকজন আহত হন। অভিযোগ রয়েছে, ছিনতাইকারীরা কয়েকজন ভুক্তভোগীর পরনের কাপড় কেটে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ফোর্সও অভিযানে যুক্ত হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, রানীনগর ও আত্রাই থানার সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়।
পুলিশ জানায়, ১৭ ও ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য-প্রমাণ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন ডাটা বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘণ্টা নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—বগুড়ার আদমদীঘি থানার চা বাগান কলোনির মো. আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল ওরফে বেলাল (৩৮) এবং নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর (ভূত রাজাপুর) এলাকার মো. শহিদুল মণ্ডলের ছেলে মো. নাহিদ হোসেন (২২)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ১৭ সেপ্টেম্বর রাতে ও ভোররাতে চারজন মিলে রানীনগর-আবাদপুকুর সড়কের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। এছাড়া নওগাঁ-নাটোর সড়কেও বিভিন্ন সময়ে ছিনতাইয়ের চেষ্টা করার কথা তারা জানিয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নাহিদ হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের কাছ থেকে ভুক্তভোগীর একটি মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই ও দস্যুতা প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।