পীরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে ধরে দিল স্থানীয়রা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

‎মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, ‎রংপুর প্রতিনিধি:

‎রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন।

‎গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাঁপাবাড়ী-গুর্জিপাড়া এলাকার বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মা গুর্জিপাড়া বাজারে কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি ইউক্যালিপটাস বাগানে নুরুল ইসলামকে দেখতে পান তিনি।

‎পরে বাড়িতে ফিরে শয়নকক্ষের দরজা বন্ধ দেখতে পান শিশুটির মা। দরজা খুলে ভেতরে শিশুটিকে কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা জানায়।

‎এরপর স্থানীয়দের সহায়তায় নুরুল ইসলামকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছেন।

‎এ ঘটনায় শিশুটির মা বিলকিস বেগম বাদী হয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করেন। মামলাটি পীরগঞ্জ থানার মামলা নম্বর ৩৩।

‎পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com