ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম পুলিশদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

হরিপুর ঠাকুরগাঁও, প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর।

হরিপুর উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শার্ট, টি-শার্ট, বাঁশি, লাইটার, জুতা, চামড়ার বেল্টসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, গ্রাম পুলিশ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন সরকারি তথ্য পৌঁছে দেওয়া, অপরাধ প্রতিরোধে সহযোগিতা এবং ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করে স্থানীয় পর্যায়ে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ ছয়টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com