ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট: মেঝে ও বারান্দায় সেবা নিচ্ছেন রোগীরা, ভোগান্তি চরমে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

মোঃ মোস্তাকিন হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বেড (শয্যা) না থাকায় চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগী ভর্তি হওয়ায় বাধ্য হয়ে অনেকেই হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন।  

 স্থানীদের সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন ধামইরহাট উপজেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। তবে রোগীর বাড়তি চাপের তুলনায় শয্যা সংখ্যা অপর্যাপ্ত থাকায় ভর্তি হওয়া সাধারণ রোগীদের জায়গা মিলছে না ওয়ার্ডের বেডে। অসুস্থ শরীর নিয়ে মেঝে ও করিডোরে অবস্থান করায় একদিকে যেমন রোগীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন তাদের স্বজনরা।  

 হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, বেড না পাওয়ায় এই গরমে ঠান্ডা মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যা অসুস্থতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।

 এ বিষয়ে ভুক্তভোগী সাধারণ জনগণ ও স্থানীয় সচেতন মহল দ্রুত হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা ও অবকাঠামোগত পরিবেশ উন্নত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com