পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানে জরিমানা ২ হাজার টাকা, আগে জরিমানা ছিল ৩'শ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । আগে এ অপরাধে জরিমানার পরিমাণ ছিল ৩০০ টাকা ।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভায়’ এ তথ্য জানানো হয় ।
সভায় জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনো দোকান বা বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না । এটি দণ্ডনীয় অপরাধ । এ বিষয়ে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯ জনকে মোট ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয় ।
সভায় আরও জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর সংশোধনের লক্ষ্যে ২০২৬ সালের ৯১ নম্বর আইন প্রণীত হয়েছে । সংশোধিত আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের শাস্তি বাড়ানো হয়েছে ।
জেলা প্রশাসক ও টাস্কফোর্স কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ-আল-আজিজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।