ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ থানার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।
এসআরবি-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কালীতলা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদক ও অন্যান্য আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।