মাদারীপুরে ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার ভুয়া সাংবাদিক, মুচলেখা দিয়ে মুক্তি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

​নাজমুল হাসান,মাদারীপুরঃ

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক ভুয়া সাংবাদিক। পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ না করে ভবিষ্যৎ-এ এমন কাজ করবেন না মর্মে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মুচলেখা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

​গতকাল (বৃহস্পতিবার) বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনাটি ঘটে। পরে এর বেশ কিছু চিত্র ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একটি ভুঁইফোঁড় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গতকাল তিনি বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাজের ত্রুটি ধরার ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা ও চাঁদা দাবি করেন।

​তার কথাবার্তা এবং আচরণে সন্দেহ হলে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও স্থানীয় স্থানীয় যুবকরা তাকে ঘিরে ধরেন। পরে তার সাংবাদিকতার পরিচয়পত্র যাচাই করতে গেলে ভুয়া প্রমানিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত জনতা তাকে উত্তম-মধ্যম (গণধোলাই) দেন।

​ঘটনার এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করেন এবং আকুতি-মিনতি জানান। পরে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাল দেন। আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে সোপর্দ না করে, ভবিষ্যতে আর কখনো এ ধরনের অপকর্ম ও ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করবেন না মর্মে লিখিত মুচলেখা রেখে তাকে ছেড়ে দেন স্থানীয়রা।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের অপতৎপরতা রুখতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com