পাটিকাবাড়িতে বিএনপির সংবাদ সম্মেলন, হামলা ও পাল্টা মামলা নিয়ে নানা অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি ।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে কৃষকদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা পাল্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন কৃষকদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুন্সি আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে মুন্সি আব্দুর রহমান অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে নলকোলা গ্রামের কৃষকদলের কার্যালয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় কার্যালয়ে অবস্থানরত বিএনপির কয়েকজন নেতাকর্মীকেও মারধর করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল আমিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। ঘটনার পর জেলা বিএনপির নেতাদের সঙ্গে পরামর্শ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করা হয়। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

মুন্সি আব্দুর রহমান আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হলে রুহুল আমিন ও তার সহযোগীরা নিজেদের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে রক্ষা পেতে তার বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে কুষ্টিয়া আদালতে পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমরা যে মামলা করেছি, তার পরিপ্রেক্ষিতে আমাদেরও ফাঁসানোর জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, হামলার মামলায় আসামি হওয়া ব্যক্তিরা বর্তমানে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

বক্তারা বলেন, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পাল্টাপাল্টি মামলা নিয়ে এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের সদস্যসচিব মো. সেলিম রেজা, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. হাফিজুর রহমান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিরুল ইসলাম, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com