মাদারীপুরে থানার গেটে শেখ হাসিনার পোস্টার লাগালেন পলাতক আসামি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
নাজমুল হাসান,মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর হঠাৎ প্রকাশ্যে এসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালকিনি থানার প্রধান ফটক এবং উপজেলা পরিষদ চত্বরে ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পোস্টার সাটিয়েছেন তিনি। ঘটনাটির ছবি ও ভিডিও পরবর্তীতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলে মাদারীপুরজুড়ে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালের দিকে কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার কয়েকজন অনুসারীকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে তিনি ও তার সহযোগীরা প্রকাশ্যেই আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার সাঁটাতে থাকেন। পরবর্তীতে অত্যন্ত দুর্ধর্ষ ভঙ্গিতে কালকিনি থানা গেটের একদম মুখোমুখি দাঁড়িয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার লাগিয়ে দেন। পোস্টার লাগানোর সময় তাকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
প্রকাশ্যে পোস্টার সাঁটানোর দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করান সাবেক এই মেয়র। পরবর্তীতে সেই ভিডিও ও স্থিরচিত্র নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছড়িয়ে দেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত নির্ভার ভঙ্গিতে পুলিশ স্টেশনের সামনে অবস্থান করছেন এবং পোস্টার লাগাচ্ছেন। দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর সরাসরি থানার সামনে এসে এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে কালকিনি থানাসহ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইন ও নানা সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই তিনি পুলিশের খাতায় পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে এমন কাণ্ড প্রসঙ্গে মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী সংবাদমাধ্যমকে বলেন, “বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে এবং ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামি এনায়েত হোসেন হাওলাদারকে দ্রুত গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কালকিনি উপজেলায় দলটির নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা সম্পূর্ণ বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে থানার মতো স্পর্শকাতর সরকারি স্থাপনার প্রধান ফটকে একজন পলাতক আসামি এসে কীভাবে পোস্টার লাগাতে পারলেন—তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বর্তমানে পুরো কালকিনি উপজেলা ও জেলার রাজনীতিতে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।