মাদারীপুরে শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের হামলা: দেশীয় অস্ত্রসহ আটক ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

নাজমুল হাসান, মাদারীপুরঃ

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ওপর বহিরাগত কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক বহিরাগত কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক তাহসিন মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি চলাকালীন নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে স্কুলের শিক্ষকরা এগিয়ে এসে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।

বৃহস্পতিবারের ঘটনার জেরে রোববার স্কুল ছুটির পর নুর আলম বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর আচমকা হামলা চালায়। এ সময় মিনহাজের চিৎকারে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাদের প্রতিরোধ করেন। ঘটনাস্থল থেকে অন্যান্য হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে কিশোর গ্যাং ও সহিংসতা সংক্রান্ত মামলায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com