দৌলতপুরে যুবককে পিটিয়ে আহতের অভিযোগ, আইফোন চুরির পাল্টা দাবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর বাজারে রুহুল ইসলাম (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।
আহত রুহুল ভেড়ামারা উপজেলার স্বরূপেরঘোপ এলাকার রশিদ হাজামের ছেলে। পরিবারের দাবি, মনোজ মোল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে রুহুলকে মারধর করে অচেতন করে ফেলে। এ সময় তার সঙ্গে থাকা দুটি মোটরসাইকেল, ৩-৪টি মোবাইল ফোন ও কয়েকটি মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
রুহুলের বড় ভাই শাকিল ইসলাম দাবি করেন, স্থানীয় একটি মেয়ের সঙ্গে তার ভাইয়ের প্রেমের সম্পর্কের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি আড়াল করতে রুহুলের হাতে একটি মোবাইল ফোন দিয়ে তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয় সূত্রের দাবি, জয়রামপুর বাজারে এক ব্যক্তির আইফোন চুরির অভিযোগে রুহুলকে আটক করে একটি দোকানের পিলারের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথার চুলও কেটে দেওয়া হয়।
দৌলতপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে রুহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। পরে গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান, বিষয়টি পুলিশ শুনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।