কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খয়েরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল ওই গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খয়েরপুর এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে হালিম মন্ডল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকুল সর্দার (৪০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আটক বকুল সর্দার খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত