ঘিওরে রহস্যজনক কারণে আটক অপরাধীকে ছেড়ে দিলেন এ্যাসিল্যান্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আদালতের আদেশে জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চলাকালে ইটের আঘাতে ভেকু চালক রক্তাক্ত আহত হওয়ার ঘটনায় আটক আশরাফুল ইসলামকে আটক করে পুলিশ । এ সময় ধৃত আশরাফুলের বড় ভাই শরিফুল ইসলাম পুলিশের হাত থেকে দৌড়ে পালিয়ে যায় । পরে রহস্যজনক কারণে ধৃত অপরাধী আশরাফুলকে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
আটক আশরাফুল উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলহারা গ্রামের মৃত রমজান আলী মোল্লার ছেলে ।
স্থানীয়দের প্রশ্ন, উচ্ছেদ অভিযান শুরুর আগে আদালতের আদেশ অমান্য করে কোনো ধরনের বাধা বা আইনবিরোধী কর্মকাণ্ড করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা মাইকিং ঘোষণা করেন এ্যাসিল্যান্ড নিজে ঘোষণা করেন । তারপরও আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে ।
জানা গেছে, বড়টিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলহারা মৌজায় ছয় শতাংশ জমির দখল নিয়ে বিরোধের পর মোজায়াল হক মুকা, মোহাম্মদ সেলিম বেপারী, রেহনা বেগম ও রোকসানা আক্তার আদালতে আবেদন করেন । শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর গত ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির দখল পুনরুদ্ধারের জন্য এ্যাসিল্যান্ডকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে তিনি উচ্ছেদ অভিযানে যান ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মৌজায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয় । এ সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ফুলহারা গ্রামের আশরাফুল ইসলাম ও তার বড় ভাই শরিফুল ইসলাম ভেকুর ড্রাইভারকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে । এতে একটি ইট ভেকুর কাচ ভেঙে ভেদ করে চালক অজয় মন্ডলের বুকে লাগে । তিনি আহত হলে পরে তাকে চিকিৎসা দেওয়া হয় ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম বলেন, “পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশরাফুলকে ছেড়ে দেওয়া হয়েছে ।”
এদিকে আহত ভেকু চালক অজয় মন্ডল সাংবাদিকদের বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও যথাযথ বিচার দাবি করেন ।