স্বামীর পরকীয়া নিয়ে দ্বন্দ্ব: মাদারীপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
নাজমুল হাসান, মাদারীপুরঃ
মাদারীপুরে পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে বিষ পান করে লাবনী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার একই এলাকার আব্বাস আলী মল্লিকের মেয়ে এবং জিলু কাজীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নিজ বসতঘরে বিষাক্ত দ্রব্য পান করেন লাবনী। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী জিলু কাজীর সঙ্গে লাবনীর বিরোধ চলছিল। সম্প্রতি স্বামীর সঙ্গে অন্য এক নারীর অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং বাকবিতণ্ডা বাড়ে। এই পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার জেরেই লাবনী বিষাক্ত দ্রব্য পান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।