পঞ্চগড়ে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ, কর্মকর্তার দাবি ঝড়ে ভেঙ্গে পড়েছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

পঞ্চগড় বিশেষ প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ২৩ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে সরকারি চত্বরে একটি বড় আমগাছ ঝড়ে ভেঙে পড়ার দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। আবহাওয়া অফিসের তথ্যের সঙ্গে গাছ ভেঙে পড়ার ঘটনার সামঞ্জস্য না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে গাছটির ডালপালা পচে যাওয়া কিংবা পরবর্তীতে উধাও হয়ে যাওয়ার বিষয়টিও সামনে এসেছে।

ঘটনা নিয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম গাছটি ঝড়ে পড়ে যাওয়ার কথা জানান। তবে আবহাওয়া অফিসের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং গাছের ডালপালা গায়েব হওয়ার বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেনো আমাকে প্যাচাচ্ছেন? এ বিষয়ে এত প্যাঁচানোর কী আছে?” পরে তিনি বলেন, ছোটখাটো বিষয় তুলে না ধরে তাদের ভালো কাজগুলো তুলে ধরতে।

তবে তেঁতুলিয়া আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে ওই সময়ে বড় ধরনের ঝড়ের কোনো তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র ১ দশমিক ০ মিলিমিটার। বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ওই গতির বাতাস কোনোভাবেই একটি বড় গাছ ভেঙে ফেলার মতো শক্তিশালী বাতাস নয়।

এদিকে, দিনাজপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুঠোফোনে জানান, তারা এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন এবং নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তবে গাছের ডালপালা পচে যাওয়া কিংবা সেগুলো গায়েব হয়ে যাওয়ার বিষয়ে তারা কিছু জানেন না বলে জানান তিনি।

পঞ্চগড় বাপা সভাপতি আজহারুল ইসলাম বলেন, বিশাল আকৃতির একটি আমগাছ এবং তা রাতের আঁধারে ষড়যন্ত্র করে ডালপালা চুরি হয়ে যাওয়ার বিষয়টি মোটেও কাম্য নয়। পঞ্চগড় জেলা শহরে সরকারি চত্বর থেকে এ ধরনের ঘটনা খুবই কম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই বিষয়টির সুষ্ঠু ও জোরালো তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা প্রতিষ্ঠিত হয়। ধারণা করা হয়, সে সময় বিভিন্ন সরকারি প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছিল। ঝড় ছাড়া সরকারি চত্বরের একটি বড় গাছ ভেঙে পড়ার দাবি এবং নিরাপত্তাবেষ্টিত সরকারি অফিস থেকে এর ডালপালা উধাও হওয়ার অভিযোগকে ঘিরে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

তাদের দাবি, গাছটি কীভাবে ভেঙে পড়ল, ঘটনার সময় প্রকৃতপক্ষে আবহাওয়ার অবস্থা কেমন ছিল এবং গাছের ডালপালাগুলো কোথায় গেল—এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা থাকলে তা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com