চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ মাটি কাটার এক্সক্যাভেটর ভাঙচুর ও লাইসেন্সবিহীন তেল বিক্রেতাকে জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম
চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ মাটি কাটার এক্সক্যাভেটর ভাঙচুর ও লাইসেন্সবিহীন তেল বিক্রেতাকে জরিমানা করাহয়।
আজিজুর রহমান (হবিগঞ্জ প্রতিনিধি)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কর্তন এবং লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান সূত্রে জানা যায়, আজ চুনারুঘাট উপজেলার উছমানপুর মুছিছড়া নামক স্থানে পরিবেশ ও আইন অমান্য করে অবৈধভাবে এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কাটা হচ্ছে—মর্মে একটি লিখিত/মোবাইল অভিযোগ পায় উপজেলা প্রশাসন।
অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্টের একটি টিম উপস্থিত হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কর্তনকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় তারা এক্সক্যাভেটরের ব্যাটারিও খুলে নিয়ে যায়। পরবর্তীতে মোবাইল কোর্টের নির্দেশে এক্সক্যাভেটরটির ইঞ্জিন খুলে হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙে অচল করে দেওয়া হয়।উক্ত অভিযানের অংশ হিসেবে উপজেলার আহমদাবাদ ইউনিয়ন অফিসের সামনে আরেকটি অভিযান চালানো হয়।
সেখানে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে তেল বিক্রির অপরাধে একটি দোকানে অভিযান চালায় মোবাইল কোর্ট।
আইন অমান্য করে তেল বিক্রির দায়ে বিক্রেতা জ্যোৎস্না আক্তার (স্বামী- মিজানুর রহমান, সাং-বনগাঁও)-কে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি কর্তনকারী এবং লাইসেন্স ব্যতীত দাহ্য পদার্থ বা তেল বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।