সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযানে গাঁজা, স্কাফ সিরাপ সহ ১৫ জন আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক, সন্ত্রাসবিরোধী ও অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৬ কেজি গাঁজাসহ মাদক মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দুজন, একটি মামলায় একজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী হিসেবে তিনজন রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পারভেজ আল গনি (৩৮), জামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী বসুদেব বিশ্বাস (৪৬) এবং সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের প্রচার সম্পাদক খাজা (৪৮)।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন ফেনী সদর এলাকার মো. নাজিম (২১) ও চাঁদপুর সদর এলাকার মো. সানী (৩০)। তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মো. ফারুক মিয়া (২৭), সোনারগাঁয়ের চৌধুরী বারদী এলাকার মো. সুমন (৩৫) এবং আলগীর চর এলাকার মো. অপু (১৯)।
এ ছাড়া সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মুকবল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মহজমপুরের মো. কাজী জুবাইয়ের (২৭) ও পৌর ভবনাথপুরের মো. শাহীন মিয়া (৪৮)কে গ্রেপ্তার করা হয়। অপর একটি মামলায় নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদী দক্ষিণপাড়া এলাকার মো. শামীম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, গত মঙ্গলবার রাত ৩টা সময় জাদুঘরে ১ নং গেটে ত্রিপরদী সাত তলা বিল্ডিং সামনে থেকে ৩৫ বোতল স্কাফ সিরাপ ( Eskuf) সহ ৩ জনকে আটক করে।
গ্রেপ্তাররা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকার মৃত সোরহাব মল্লিকের ছেলে আনোয়ার হোসেন মল্লিক (৪৫), বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিহা রাজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে অভি ইসলাম ওরফে ইয়ামিন (২৫), এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর চৈতা এলাকার বারেক হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৩৫)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএমের তত্ত্বাবধানে এসআই সালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার তিনজনের হেফাজতে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে ৩৫ বোতল স্কাফ ( নেশা জাতীয় কাশির সিরাপ) উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিভিন্ন মামলা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।