কৃতী সন্তানের সাফল্যে এলাকাজুড়ে আনন্দের বন্যা, তোরাবগঞ্জ ইউনিয়নে প্রথম সহকারী জজ ফারুক হোসেন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
সিরাজুল ইসলাম, কমলনগর(লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের কৃতী সন্তান মোহাম্মদ ফারুক হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ (সহকারী জজ) পদে সাময়িকভাবে মনোনীত হয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সারাদেশ থেকে মোট ২০০ জনকে সহকারী জজ পদে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মোহাম্মদ ফারুক হোসেন কমলনগর ছুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১২ সালে জিপিএ-৫ অর্জন করেন। পরে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
তিনি কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল শহীদ ও বকুল বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে। কর্মজীবনে তিনি পূবালী ব্যাংক লিমিটেডে আইন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে মোহাম্মদ ফারুক হোসেন শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো কমলনগর ও তোরাবগঞ্জ ইউনিয়নের জন্যও গৌরব বয়ে এনেছেন। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর তোরাবগঞ্জ ইউনিয়ন থেকে তাঁর মতো বিচারিক পেশায় এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার ঘটনা এলাকাবাসীর জন্য বিশেষ গর্বের।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে ফারুক হোসেনের এ অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর সাফল্য প্রমাণ করে, দৃঢ় লক্ষ্য ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হতে পারেন।
মোহাম্মদ ফারুক হোসেনের পরিবার তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।
আরও পড়ুন
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশ: বৈশ্বিক আস্থার সংকটে ঢাকার কূটনৈতিক অগ্রাধিকার কী?
মাটিকাটা নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল গ্রামের ওসমান কসাই বাড়ির নৌকা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানাহ্ স্কুল অ্যান্ড কলেজ কতৃর্ক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৬ অনুষ্ঠিত