সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরি বন্ধে "পরিবেশ রক্ষা আন্দোলন" এর মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬ টি চুনা কারখানা বন্ধের দাবিতে এবং এর সাথে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পরও অজ্ঞাতকারনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় "সোনারগাঁও প্রেসক্লাব" এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায়, সংগঠনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি কবি রহমান মুজিব, সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচি সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্য নির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার, শাহাদাৎ হোসেন

শিপন চৌধুরী প্রমূখ।

উপস্থিত ছিলেন রাশেদ এহসান, রমিম, সাংবাদিক খায়রুল ইসলাম খোকন, ইমরান হোসেন, ডালিম হোসেন, বিরুধ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাসে দেশের অন্যতম ঐতিহাসিক এবং প্রাকৃতিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিত সোনারগাঁও জনপদটিতে বর্তমানে ৫৬টির মতো অবৈধ চুনা ফ্যাক্টরী গড়ে উঠেছে। ফলে, এ অঞ্চলের চিরচেনা সেই পরিচিত পরিবেশ অবৈধ চুনা কারখানার বিষাক্ত কার্বনো অনেকটাই বিষাক্ত হয়ে উঠেছে। উপজেলার যে সকল এলাকায় অবৈধ চুনা কারখানাগুলো রয়েছে , সে সকল এলাকার শিশু,বৃদ্ধসহ নানা বয়সের মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও স্থানীয় প্রাকৃতিক পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রভাব ইতিমধ্যে পরতে শুরু করেছে।

বক্তারা অভিযোগ করেন, সোনারগাঁওয়ে গড়ে ওঠা এ সকল কারখানাগুলোর পিছনে মদদদাতা হিসাবে কাজ করছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক, প্রশাসন, তিতাসের কতিপয় অসাধু কর্মকর্তা। এমনকি এই অপকর্মের সাথে কিছু নামধারী বিশেষ পেশার ব্যক্তি জড়িয়ে পরারও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তারা তিতাস কর্তৃপক্ষ, শেল্টারদাতা রাজনীতিকসহ পরিবেশ নষ্টকারী অবৈধ চুনা কারখানার সাথে জড়িতদের বিরুদ্ধে স্থানীয় ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com