পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
পঞ্চগড় বিশেষ প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ২৫ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-২৫৩৪)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ‘ছাতা’ প্রতীকে মো. আব্দুল কুদ্দুস ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘চেয়ার’ প্রতীকের মো. রাজু পেয়েছেন ১২৪ ভোট।
সহ-সভাপতি পদে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে মো. মাসুদ রানা ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘ফুটবল’ প্রতীকের মো. রবিউল ইসলাম পেয়েছেন ৯৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘হরিণ’ প্রতীকে মো. আনোয়ার হোসেন ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘আনারস’ প্রতীকের মো. আবু বক্কর সিদ্দিক (সাদ্দাম) পেয়েছেন ১০৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ‘টেলিভিশন’ প্রতীকে মো. আলিফ আল মেহেদী ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‘খেজুর গাছ’ প্রতীকের মো. সামিউল ইসলাম মোঘা পেয়েছেন ৮৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ‘লাটিম’ প্রতীকে মো. ফিরোজ ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ‘সিলিং ফ্যান’ প্রতীকের মো. আশিকুর রহমান পেয়েছেন ১২৯ ভোট।
এছাড়া অর্থ সম্পাদক পদে মো. বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. সাজাহান হোসেন এবং প্রচার সম্পাদক পদে মো. আবু সাঈদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে মো. আবু আনছারী নাছিম, মো. আবু সাঈদ, মো. নাহিদ হোসেন, মো. হাসিবুল ইসলাম ও মো. সাবু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ইউনিয়নের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে ভোট গণনা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সামসউদ্দীন চৌধুরী কালাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্ব দায়িত্ব পেল।