ইউপি নির্বাচনে ৪২টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি), থাকছে না দলীয় প্রতীক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) । এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকছে না ।

গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে প্রতীকগুলোর তালিকা প্রকাশ করা হয় । ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে ।

চেয়ারম্যান পদের প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি ট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ সদস্য পদের প্রতীকগুলো হলো—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ ।

আর সংরক্ষিত নারী সদস্য পদের প্রতীকগুলো হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার ।

ইসি জানিয়েছে, তাদের পরিকল্পনা অনুযায়ী আসন্ন ইউপি নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে । এর আগে ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হতো । সংশ্লিষ্ট আইন সংশোধনের পর নির্বাচনী বিধিমালা থেকে দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com