পঞ্চগড়ে পৃথক অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ২৫ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে পৃথক অভিযান চালিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পঞ্চগড় সদর উপজেলার ফকিরপাড়া এলাকার মো. জয়নুল হকের ছেলে মো. আমিনুর হোসেন বাবু এবং পাঠানপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. দিলদার।
পুলিশ সূত্রে জানা যায়, পারী জারি ২৮৭/২৫ মামলায় মো. আমিনুর হোসেন বাবুর বিরুদ্ধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। অপরদিকে, সিআর ৪৬/২৬ মামলায় মো. দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে পঞ্চগড় সদর থানা পুলিশের পৃথক দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের একটি দল দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নির্দেশনায় এসআই মো. আসাদুজ্জামান, এএসআই তপন চন্দ্র রায়, এএসআই জাহিদ ও এএসআই লিটন চন্দ্র রায়সহ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।