পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম

পঞ্চগড় বিশেষ প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ২৫ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার ৪ নম্বর রাধানগর ইউনিয়নের বোদা বাজারের পূর্ব পাশে ইমামপাড়া কালভার্টের ওপর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মো. আইনুল হকের ছেলে মো. খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মো. মোস্তফা কামালের ছেলে মো. সবুজ (২৯)।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি পুরাতন প্রাইভেটকার এবং তিনটি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনসহ জব্দ করা আলামত আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।

মামলার নম্বর-১৮ এবং তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। মামলা দায়েরের পর গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com