নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, মিছিল করার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন—এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে মিছিলের চেষ্টা করলে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ১১ জনকে আটক করা হয়। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে নেয়।
তিনি বলেন, নওগাঁকে শান্ত রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নেই।
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে বলিহার ব্রিজ (বেলি ব্রিজ) এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, এর আগে জেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বলিহার ব্রিজ এলাকায় জড়ো হওয়া ব্যক্তিদের আটকের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।