জয়পুরহাটে ৩২০ কেজির প্রাচীন বেলেপাথরের পিলার উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি : আব্দুল কাদের 

জয়পুরহাটে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮ম-৯ম শতকের একটি প্রাচীন বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে হস্তান্তরের পর রোববার এটি নিজেদের জিম্মায় নেয় জয়পুরহাট ২০ বিজিবি। পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

রোববার দুপুরে ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধারে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন বস্তু হস্তান্তরের খবর পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি বিশেষ টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি নিজেদের জিম্মায় নেয়।

স্থানীয় সূত্রের দাবি, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। পরে বিষয়টি নিয়ামতপুর থানা পুলিশ ও নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।

বিজিবির কাছে পাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের বিশদ পরীক্ষা-নিরীক্ষায় এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে শনাক্ত করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ একটি সনদও দিয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্ধার করা প্রত্নবস্তুটি সংরক্ষণের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com