চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমানকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার পর নগরের অক্সিজেন এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ মো. আতাউর রহমান বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেই সোমবার রাতে তাঁকে বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।
প্রশাসনের একটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় শেখ মো. আতাউর রহমানের নাম রয়েছে। মীরসরাই থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি তিনি।
তবে তাঁকে আটকের বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য এবং আটকের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।