চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য বোঝাইয়ের সময় ডুবল লাইটার জাহাজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজ এলাকায় একটি মাদার ভেসেল থেকে শিল্পের কাঁচামাল সোডা অ্যাশ বোঝাই করার সময় ডুবে গেছে ‘এমভি বালাসুর-১’ নামের একটি লাইটার জাহাজ। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে পণ্য বোঝাইয়ের একপর্যায়ে জাহাজটি কাত হয়ে সাগরে তলিয়ে যায়। তবে দুর্ঘটনার খবর জানাজানি হয় রাতে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া জাহাজটির অবস্থান চিহ্নিত করে সেখানে সতর্কতামূলক বয়া স্থাপন করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাস্থলসংলগ্ন এলাকা দিয়ে অন্য নৌযানের চলাচল ও নোঙর করা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল ৭টার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল চিহ্নিত করে বয়া বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব নৌযানকে ওই এলাকা এড়িয়ে চলাচল ও নোঙর করতে বলা হয়েছে।
বন্দরের ডক মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান জানান, বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত একটি মাদার ভেসেল থেকে এমভি বালাসুর-১ জাহাজে সোডা অ্যাশ বোঝাই করা হচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজটি একদিকে কাত হয়ে সাগরে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই এলাকাটি চিহ্নিত করে বয়া স্থাপন করা হয়। জাহাজে থাকা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে।
তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট কতজন ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে জাহাজটির ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এবং পণ্য ও জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।