এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এ আমন্ত্রণ জানান। তাঁর মাধ্যমে ফরাসি ফুটবল তারকা এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ চসিক ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।

তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে। সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও তাদের দূরে রাখা সম্ভব।

এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে ডা. শাহাদাত বলেন, নগরীতে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে তিনি সহযোগিতা কামনা করেন।

এ সময় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি উদ্যোগ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সৌজন্য সাক্ষাতে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বড় বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে অগ্রগতি হবে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের উন্নয়ন সহযোগিতাও আরও জোরদার হবে।

বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com