‎​কুবিতে প্রযুক্তি উৎসব, পুরস্কারের পাশাপাশি মিলল বেতনভুক্ত ইন্টার্নশিপের সুযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

কুবি প্রতিনিধি:

‎​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের প্রযুক্তি উৎসব ‘কুবি টেকনোভা ২০২৬’। এতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনটি দল পুরস্কারের পাশাপাশি মাসিক ১০ হাজার টাকা বেতনে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

‎​মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতা, ই-ফুটবল টুর্নামেন্ট, প্রকল্প প্রদর্শনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

‎​কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১১০টির বেশি দল নিবন্ধন করে। এর মধ্যে ৪৫টি দল চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সিন্যাপস’ দল। দ্বিতীয় হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘অ্যাপেল’ দল এবং তৃতীয় হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের দল ‘রিও’। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল যথাক্রমে ১০, ৮ ও ৭ হাজার টাকা পুরস্কার পেয়েছে।

‎​বিজয়ী এই তিনটি দলকে যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ক্যাশলেস এআই ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। নির্বাচিত ইন্টার্নরা ছয় মাস ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। 

‎প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইন্টার্নশিপ চলাকালীন যাদের কর্মদক্ষতা  ভালো থাকবে, তাদের পরবর্তীতে স্থায়ী চাকরির সুযোগ দেওয়া হবে।

‎এছাড়াও ​প্রকল্প প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দল। তাদের প্রকল্পের নাম ‘স্মার্ট জলজ চাষের জন্য ইন্টারনেট অব থিংসভিত্তিক তাৎক্ষণিক পানির গুণগত মান পর্যবেক্ষণব্যবস্থা’। এ প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ক্রেস্ট’ ও ‘আইন সহায়ক’ দল। তৃতীয় হয় ‘কোরাস সেন্টিনেল’ দল।

‎​অন্যদিকে, ই-ফুটবল প্রতিযোগিতায় প্রথম হন রিয়াদ মাহমুদ। দ্বিতীয় হন নাসিরুল আলম দীপ্ত, তৃতীয় তৌফিক রহমান দ্বীপ এবং চতুর্থ হন মো. নাহিদ হোসেন।

‎​অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন মেধাবীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের পরিচয় তুলে ধরার সুযোগ তৈরি হবে।’

‎​উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা বিকাশের সুযোগ পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশ নিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় এবং দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবে।’

‎​তিনি আরও বলেন, ‘যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাদের জন্য এটি আনন্দের বিষয়। আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং কখনোই মনোবল হারাবে না।’

‎​উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, 'নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যবিজ্ঞান’ এবং ‘রোবোটিকস ও মেকাট্রনিকস’ নামে দুটি বিভাগ চালুর চেষ্টা চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কেন্দ্রে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কাজ করার সুযোগ পাবেন। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে'

‎​প্রকৌশল অনুষদের ডিন ও অনুষ্ঠানের সভাপতি সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান রাজু বলেন, ‘এআই ব্যবহার করে শিক্ষার্থীরা কতটুকু সমস্যা সমাধান করতে পারে এবং তাদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করতেই আমাদের এ আয়োজন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সীমিত সুযোগের কারণে আগ্রহী অনেক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com