হাতীবান্ধা থেকে অপহৃত কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুল আলিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের হোসেন আলীর ছেলে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী নবম শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ নভেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে মন্দিরে পূজা-অর্চনা করতে যাওয়ার সময় আব্দুল আলিম তাঁর সহযোগীদের সহায়তায় মোটরসাইকেলে করে কিশোরীকে অপহরণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অপহরণ মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিএসসি, রংপুর এবং এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ দল ফতুল্লার বেলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com