৩৬ বিসিএস ক্যাডার মাহমুদুল হাসান সোনারগাঁওয়ে নতুন ইউএনও হিসেবে পদায়ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম
সোনারগাঁও ( নারায়নগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান (পরিচিতি নম্বর-১৮৫৮৩)।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সোনারগাঁও উপজেলায় বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসানকে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে তাঁকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও অর্পণ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনটির অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান এর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। চলতি বছরের আগস্ট মাসে তাঁকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সেখান থেকেই তাঁকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হলো।
উল্লেখ্য যে, ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসিফ আল জিনাতকে (পরিচিতি নম্বর- ১৮৫২১) চট্টগ্রাম বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাকে পদায়নের পর তাঁর নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।