শ্রীপুরে বাড়ির গেটে কাফনে মোড়ানো পুতুল, ময়দার বৃত্তে ১৪ বেলকাটা—রহস্য ঘনীভূত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গভীর রাতে গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির প্রধান ফটকের পাশে রেখে যাওয়া হয়েছে সাদা কাপড়ে মোড়ানো মানুষের আদলের খড়ের পুতুল। পুতুলটির চারপাশে ময়দা দিয়ে আঁকা হয়েছে বৃত্ত, ভেতরে রাখা হয়েছে গোলাপজল, মোম, আগরবাতি ও সিঁদুর। আর পুতুলের শরীরে গোঁজা রয়েছে ১৪টি বেলকাটা। অচেনা এই আয়োজনকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন, ভয় ও কৌতূহল।

রোববার (২২ নভেম্বর) ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেন সিকদারের বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিরিশগুড়ি গ্রামে আলী হোসেন সিকদারের বাড়ির প্রধান ফটকের পূর্ব পাশে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। ধানের খড় দিয়ে তৈরি পুতুলটির ওপর সাদা কাপড় জড়ানো ছিল। পুতুলটিকে ঘিরে ময়দা দিয়ে একটি গোলাকার রেখা আঁকা হয় এবং সেটিকে চারটি অংশে ভাগ করা হয়েছিল। বৃত্তের বিভিন্ন অংশে গোলাপজল, মোম, আগরবাতি ও সিঁদুর রাখা ছিল। পুতুলটির শরীরে ১৪টি বেলকাটা গোঁজা অবস্থায় পাওয়া যায়।

বাড়ির মালিক আলী হোসেন সিকদার জানান, শনিবার রাত ৯টার দিকে পরিবারের লোকজন বাড়ির মূল ফটকে তালা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে অতিথি ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে ফজরের নামাজ শেষে হাঁটার উদ্দেশ্যে গেট খুলতে গিয়ে তিনি অস্বাভাবিক জিনিসগুলো দেখতে পান।

আলী হোসেন বলেন, “আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কে বা কারা এবং কী কারণে এসব এখানে রেখে গেছে, কিছুই বুঝতে পারছি না।”

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর একের পর এক মানুষ বাড়িটির সামনে আসতে থাকেন। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।

ঘটনাস্থলে যাওয়া প্রত্যক্ষদর্শী আনোয়ার মোল্লা বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে তিনি সাদা কাপড়ে মোড়ানো খড়ের পুতুলটি দেখতে পান। পুতুলটির চারদিকে ময়দার বৃত্ত এবং তার ভেতরে বিভিন্ন সামগ্রী ছিল। পুতুলের শরীরে ১৪টি বেলকাটা গোঁজা অবস্থায়ও তিনি দেখেছেন বলে জানান।শিরিশগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ঘটনাস্থলে এসে পুতুলটি দেখে ভয় পাওয়ার কথা জানায়। তার ভাষ্য, এমন অদ্ভুত দৃশ্য সে আগে কখনো দেখেনি। পরে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘটনাটি দেখতে এসেছে সে।

শিরিশগুড়ি হিন্দুপাড়া এলাকার এক নারী বলেন, স্থানীয় লোকবিশ্বাসে খড়ের পুতুল, সিঁদুর ও বেলকাটার মতো উপকরণ ব্যবহারের ঘটনাকে কেউ কেউ তন্ত্র-মন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। তবে এ ঘটনার সঙ্গে তন্ত্র-মন্ত্রের কোনো যোগসূত্র রয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, এমন অস্বাভাবিক ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করেছে।

এদিকে রাতের কোনো এক সময়ে কে বা কারা এসব সামগ্রী সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে, নাকি এর পেছনে ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে—এ বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাওনা চকপাড়া ফাঁড়ির পুলিশ বিষয়টি দেখছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com