পূর্বধলায় সাংবাদিককে হুমকি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে থানায় জিডি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম
মোঃ নজরুল ইসলাম : পূর্বধলা
নেত্রকোণার পূর্বধলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিকের নাম মোঃ সাগর আহম্মেদ (৩৭)। তিনি দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে ‘সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সাগর আহম্মেদ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার পথে আগিয়া বাজারে জনৈক মামুন মিয়ার চায়ের দোকানে বসে পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে আলাপ করছিলেন এবং নিজের মোবাইল ফোনে খবরাখবর দেখছিলেন।
এ সময় পাশ থেকে জহিরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি উঠে এসে তাদের কথাবার্তায় বাধা দেন এবং কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে জহিরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন মামলা-হামলার ভয়ভীতিহ ও হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, তিনি সাগর আহম্মেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ‘সাংবাদিকতা কীভাবে করি তা দেখে নেওয়ার’ হুমকি দেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত দেওয়া হয়। অভিযুক্ত জহিরুল ইসলাম
ঐ দিনের ঘটনার বিষয়ে বলেন সাগর মামুনের দোকানে বসে মোবাইলে ভিডিও দেখে নড়াইলে হিন্দুদের বাড়ি ঘরে আগুন
দেওয়ার ভূয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন এমন ভূয়া তথ্য ছড়ালে আমাদের দলের ক্ষতি হবে বললে সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে গেলে স্থানীয় লোকজন আমাদের থামিয়ে দেয়।
বর্তমানে অভিযুক্ত জহিরুল ইসলামের হুমকিতে নিজের ব্যক্তিগত নিরাপত্তা, সাংবাদিকতা পেশা এবং ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন সাগর আহম্মেদ। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে তিনি বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেন। সাগর আহম্মেদ আরও বলেন গতকাল ২২ শে নভেম্ভর ২০২৬ রবিবার কাজের প্রয়োজনে পূর্বধলা বাজারে আসলে সন্ধ্যার পর কিছু লোক মব তৈরী করে তাকে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন'র কাছে জানতে চাইলে ওসি বলেন সাগরের প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তাজনিত কারনে পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময় সে বাড়িতে চলে যায়।