সৌদিতে স্ট্রোক করে ক্ষেতলালের প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে আকুতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুনুর রশিদ (৪০)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৪ নভেম্বর কাজ শেষে বাসায় ফেরার পথে রিয়াদের রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশিদ।
এ সময় সহকর্মীরা তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়েছে।
নিহত মামুনুর রশিদ ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দার্শরা উত্তরপাড়া গ্রামের মৃত হরমুজের ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী এবং তিন ছেলে সন্তান (১৫ বছর, ৭ বছর ও সাড়ে ৩ বছর বয়সী) রেখে গেছেন।
স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন মামুনুর। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। আর্থিক অসচ্ছলতার কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচ জোগাড় করাও পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর বলেন, "মামুনুর রশিদের পরিবার অত্যন্ত অসহায়। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি সহযোগিতা প্রয়োজন।"
এদিকে বাবার মৃত্যুর খবরে তিন শিশুসন্তানের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
শেষবারের মতো বাবার মুখটি দেখার অপেক্ষায় রয়েছে তারা। মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।