মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন; রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান খাদ্যমন্ত্রীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
স্কাইপে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে । সরকার এ খাতকে শুধু দেশের চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে কাজ করছে ।
তিনি বলেন, প্রান্তিক খামারিদের আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা প্রদান অব্যাহত থাকবে, যাতে এ খাতের উৎপাদন ও সক্ষমতা আরও বাড়ানো যায় ।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম বলেন, মানিকগঞ্জ জেলা দুগ্ধ ও পোল্ট্রি শিল্পে সমৃদ্ধ । নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের আরও সচেতন ও দক্ষ করে তুলতে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে কাজ করছে ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলার সফল খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।