গঙ্গাচড়ায় এমপিকে ছাড়া রাস্তা-ভবন উদ্বোধনে নিষেধাজ্ঞার ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
সংসদ সদস্যকে পাশ কাটিয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। নিজের নির্বাচনী এলাকায় বরাদ্দ করা কোনো রাস্তা বা ভবন তাঁকে ছাড়া উদ্বোধন করা যাবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসনকেও সতর্ক করেছেন সংসদ সদস্য। তাঁর এমন বক্তব্যে গঙ্গাচড়ায় উন্নয়নকাজের উদ্বোধন ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অবস্থান জানান।
সভায় রায়হান সিরাজী বলেন, ‘ইদানীং গঙ্গাচড়ায় ফেসবুক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, আমাকে ছাড়াও বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব, আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন হবে না।’
সংসদ সদস্যের এ বক্তব্যে স্পষ্ট হয়েছে, তাঁর নির্বাচনী এলাকায় সরকারি বরাদ্দে বাস্তবায়িত উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সম্পৃক্ত করার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। একই সঙ্গে তাঁকে পাশ কাটিয়ে এসব উদ্বোধনী আয়োজনের ঘটনায় নিজের অসন্তোষও প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নায়েবুজ্জামান, সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজিব।
সভা শেষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সভাও অনুষ্ঠিত হয়।