এক রাতের বিষে তছনছ ১৮ বছরের স্বপ্ন: পুকুরে ৫-৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় পুকুরিয়া গ্রামে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত রোববার ২২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার আওলাই ইউনিয়নের বকুল হোসেন ও তাঁর স্ত্রী হাজেরা বেগমের ৮৩ শতাংশ জমির পুকুরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী দম্পতি জানান, দীর্ঘ ১৮ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা এই মাছের খামারই ছিল তাঁদের সংসার ও সন্তানদের ভবিষ্যতের একমাত্র অবলম্বন। সরেজমিনে দেখা যায়, বিষের প্রভাবে পুকুরের ছোট-বড় মাছের পাশাপাশি সাপ ও অন্যান্য জলজ প্রাণীও মরে ভেসে উঠেছে।
বকুল দম্পতির অভিযোগ, পুকুরের মালিকানা ও দখল নিয়ে পূর্ববিরোধের জেরে তাঁদের চাচাতো ভাই আকবর, জাহিদুল ও রফিকুলসহ কয়েকজন পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়েছেন। তবে বাড়িতে না থাকায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে হাজেরা বেগম বলেন, "জীবনের সব সঞ্চয় দিয়ে পুকুরটি গড়ে তুলেছিলাম।
এক রাতেই আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেল।"
আওলাই ইউপি চেয়ারম্যান মো. একরামুল ইসলাম চৌধুরী তাওহীদ জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ভুক্তভোগী পরিবার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিঃস্ব এই দম্পতি।