বরংগাইল হাটে মুরগির লটপটি দোকানে অভিযান; খালে ফেলে দেওয়া হলো নষ্ট গিলা-কলিজা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয়ের বরংগাইল হাটে মুরগির লটপটি বিক্রির দুই দোকানে অভিযান চালিয়ে এক কেজি নষ্ট গিলা-কলিজা জব্দ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ । সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে সতর্ক করা হয় । জব্দ করা গিলা-কলিজা পরে বাজারের পরিত্যক্ত খালে ফেলে দেওয়া হয় ।

অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা স্বাস্থ্য বিভাগের হেলথ ইন্সপেক্টর হামিদা ইয়াসমিন । এ সময় ব্যবসায়ী মো. ছালাম (৪৫) ও মো. উম্মত ফকিরকে প্রথমবারের মতো সতর্ক করা হয় ।

অভিযানকালে ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র, ট্রেড লাইসেন্স ও বিক্রির মেমো সংরক্ষণ এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন হামিদা ইয়াসমিন ।

তিনি বলেন, এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের সঙ্গে কথা হয়েছে । ভবিষ্যতে এ ধরনের অপরাধ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, পচা-বাসি, রোগাক্রান্ত বা অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত মাংস ও মাংসজাত অংশ বিক্রি দণ্ডনীয় অপরাধ । তবে মানসম্মত মাংস বা মাংসের অংশবিশেষ বিক্রি নিষিদ্ধ নয়; বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও প্রযোজ্য আইন মেনে চলা বাধ্যতামূলক ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com