হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির কারখানা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা এবং মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকায়। তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় পুলিশের মোবাইল টিম-৩১-এর সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে আকিব হাটহাজারীর কুয়াইশ এলাকায় তাঁর ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় ওই বাসায় অভিযান চালায়।
অভিযানে বাসাটিতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের কাজে ব্যবহৃত একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব জানিয়েছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শেখেন তিনি। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসায়িক উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলেও তিনি জানিয়েছেন।
উদ্ধার করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।